০১ আগস্ট, ২০২৬
র্যাবের গোপন বন্দিশালা হিসেবে পরিচিত টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারপতি, প্রসিকিউশন টিম এবং গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে পৌঁছান তারা।
বিচার সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই এই পরিদর্শন করা হয়েছে।
টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন, যারা অভিযোগের সময় র্যাবে দায়িত্ব পালন করেছিলেন।
মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন, মো. হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লে. কর্নেল মুহাম্মাদ খায়রুল ইসলাম পলাতক রয়েছেন।
এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দেন।