০১ আগস্ট, ২০২৬
নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া ওই গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই এলাকার সুন্দর আলীর ছেলে শহীদুল্লাহ ওরফে পিংকি (৬৫) ও তার ছেলে জীবন মিয়া। নিহত মিজান মিয়া অভিযুক্ত শহীদুল্লাহর ভাতিজা।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি চলাচলের রাস্তা নিয়ে মিজান মিয়ার সঙ্গে তার চাচা শহীদুল্লাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। আজ দুপুরে বিরোধপূর্ণ রাস্তার একটি নারকেল গাছ কাটতে যান মিজান। এ সময় চাচা শহীদুল্লাহর সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি দিয়ে মিজানের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খন্দকার আনিসুর রহমান বলেন, মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।