কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

০১ আগস্ট, ২০২৬

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মোয়াজ্জেম হোসেন (৩০) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের তারা মিয়ার ছেলে।

বিকেলে র‌্যাব ১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, মোয়াজ্জেম হোসেন ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ওই মামলার বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সংঘটিত দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি অন্যান্য বন্দিদের সঙ্গে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে মামলা করে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।