০১ আগস্ট, ২০২৬
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কনিকা রানী ওই গ্রামের দিনমজুর দীপক বেপারীর স্ত্রী।
স্বামী দীপক বেপারী জানান, দুপুরে খাবার খেয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে ছিলেন।
কিছুক্ষণ পর স্ত্রীর চিৎকারে তার ঘুম ভাঙে। তখন কনিকা জানান, তাকে সাপে কামড়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের বলেন, ক্ষতস্থান পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে বিষধর সাপের কামড়ের লক্ষণ পাওয়া যায়। পরে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। তবে অ্যান্টিভেনমের অর্ধেক ডোজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনিকা রানীকে বিষধর গোখরা সাপ কামড়েছিল।