শ্রীমঙ্গলের ধানখেত থেকে অজগর উদ্ধার

০২ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের একটি ধানখেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (১ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার হাইল হাওর এলাকায় স্থানীয় এক ব্যক্তির সচেতনতায় সাপটি হত্যার হাত থেকে রক্ষা পায়। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্র ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, সকালে হাইল হাওরে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন একদল শ্রমিক। এ সময় ধানখেতে একটি বড় আকৃতির অজগর দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সেটিকে মেরে ফেলার উদ্যোগ নেন। তবে মুহিবুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা শ্রমিকদের বাধা দেন এবং সাপটি না মারার অনুরোধ করেন। এরপর তিনি দ্রুত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্য প্রাণীর প্রাণ রক্ষায় ভূমিকা রাখায় মুহিবুর রহমানকে ধন্যবাদ জানিয়েছে সেবা ফাউন্ডেশন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন্য প্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের সচেতনতা বাড়লে নির্বিচারে বন্য প্রাণী হত্যার ঘটনা কমে আসবে। গত জুলাই মাসেও শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু বিষধর ও বিষহীন সাপ উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।