২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে দুইজন গ্রেপ্তার

০৩ আগস্ট, ২০২৬

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন আল-আমিন (২৭) ও মো. সোহান হোসাইন (২৬)।

রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গুলশান থানার বরাত দিয়ে তিনি জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গুলশান-১ এলাকার একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছেন।

খবর পেয়ে গুলশান থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আল-আমিন ও সোহান হোসাইনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।