গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান বিষয়ক সংলাপ

০৩ আগস্ট, ২০২৬

 

গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় ও টুঠামান্দ্রা সরযুবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

রবিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসক দুটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। তিনি শিক্ষকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং আরও মনোযোগসহকারে পাঠদান পরিচালনার আহ্বান জানান।

পরে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞান সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে জেলা প্রশাসক বিজ্ঞান, মহাকাশ, মহাবিশ্বের উৎপত্তি এবং আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী ৪৩ জন শিক্ষার্থীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত সাফল্য অর্জনের আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনের প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স মাহমুদ, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্র, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাদী সরকার, অভিভাবক এস এম নজরুল ইসলাম, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতন হীরা এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।