আজ দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

০৩ আগস্ট, ২০২৬

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন।  বাংলাদেশ সময় আজ সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে এই অভিনেতাকে।

বিষয়টি নিশ্চিত করে ‘নিরাপদ সড়ক চাই’র ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, কয়েক দিনের জন্য দেশে ফিরলেও চিকিৎসার কারণে শিগগিরই আবার লন্ডনে যেতে হবে ইলিয়াস কাঞ্চনকে।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ বিকেলে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন।

তবে তার এই আসা দীর্ঘদিনের জন্য নয়। আগামী ১৫ আগস্ট লন্ডনে তার চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাকে আবার ফিরতে হবে।’

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন।

জানা গেছে, এরই মধ্যে তাকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের চিকিৎসার প্রভাব পড়েছে তার শারীরিক অবস্থাতেও। 

চিকিৎসার বর্তমান অবস্থা নিয়েও কথা বলেছেন লিটন এরশাদ। তিনি বলেন, ‘চিকিৎসায় এখন পর্যন্ত আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা লন্ডনে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন।

তবে কাঞ্চন নিজেও দেশে ফিরতে চেয়েছিলেন। তাই পরিবারের সিদ্ধান্তে কয়েক দিনের জন্য তাকে দেশে আনা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতার কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলছে।

চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামী ১৫ আগস্ট আবার লন্ডনে ফিরতে হবে ইলিয়াস কাঞ্চনকে।