গেন্ডারিয়ায় নাগরিক সমস্যা ও অপরাধ নিয়ন্ত্রণে সরেজমিনে ইশরাক

০৪ আগস্ট, ২০২৬

ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডের রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, যানজট, পরিবেশ ও নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। 

সোমবার (৩ আগস্ট) গেন্ডারিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এসব সমস্যা নিয়ে কথা বলেন তিনি।

এ সময় মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ইশরাক হোসেন। এলাকার রাস্তার বর্তমান অবস্থা, আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা এবং যানজটের পরিস্থিতি সরেজমিনে দেখেন তিনি।

এসময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন।

এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রী।

গেন্ডারিয়ার রেলস্টেশন ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতিও পরিদর্শন করেন ইশরাক হোসেন। রেলস্টেশনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, সাধারণ মানুষের চলাচল এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি।

পাশাপাশি এলাকার পরিবেশ পরিস্থিতি ও পুকুরগুলোর বর্তমান অবস্থাও পরিদর্শন করেন সংসদ সদস্য।

পুকুর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আবর্জনা অপসারণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে গেন্ডারিয়ার নাগরিক সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে মাদক ও ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

পরিদর্শন শেষে এলাকার এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া এবং নাগরিকদের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।