০৪ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে। আগুনে নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালজুড়ে এখনো ঘন ধোঁয়া রয়েছে। উদ্ধার অভিযান ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগী ও স্বজনদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হাসপাতালজুড়ে প্রচুর ধোঁয়া রয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ৪টি ইউনিট কাজ করছে। উদ্ধার ও আগুন-পরবর্তী কার্যক্রম শেষ হলে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।