০৪ আগস্ট, ২০২৬
দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করতে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ধারা ৩ ও উপধারা (১)-এর ক্ষমতাবলে নতুন এ বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গঠিত পূর্ববর্তী বোর্ড বাতিল করে অবিলম্বে নতুন আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত বোর্ডে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, সংগীত পরিচালক ও গীতিকার মনির মাহমুদ প্রিন্স (প্রিন্স মাহমুদ) এবং সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান।
কমিটিতে পদাধিকারবলে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং চলচিত্র সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনের শীর্ষ কর্তাব্যক্তিরাও সদস্য হিসেবে রয়েছেন। এর মধ্যে রয়েছেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের প্রতিনিধি (অনূর্ধ্ব যুগ্মসচিব), প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের প্রতিনিধি (অনূর্ধ্ব যুগ্মসচিব) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি (অনূর্ধ্ব যুগ্মসচিব)।
এছাড়া চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক এ জে রানা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন।
সরকারের আশা, পুনর্গঠিত এই বোর্ড দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, যুগোপযোগী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।