০৫ আগস্ট, ২০২৬
কুমিল্লার লাকসাম উপজেলার সালেহপুর দক্ষিণপাড়া মসজিদবাড়ি এলাকায় একটি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভরাটকারীদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ভরাটকাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রবাসী আলমের জমিতে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ভরাটের কাজ বন্ধ করে দেয়। অভিযানের সময় ভরাটকারীদের শনাক্ত করে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তারা ভবিষ্যতে আর অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ভরাট করবেন না বলে অঙ্গীকার করেন। এছাড়া পুনরায় ভরাট কার্যক্রম পরিচালনা ঠেকাতে ঘটনাস্থলে স্থাপিত ড্রেজারের পাইপগুলো বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভরাটের কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। যারা ভরাট করেছে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে আর ড্রেজার দিয়ে বালু ভরাট করবেন না বলে অঙ্গীকার করেছেন। ভরাটকাজে ব্যবহৃত পাইপগুলোও বিনষ্ট করা হয়েছে। তবে ড্রেজারটি দুর্গম স্থানে থাকায় সেখানে পৌঁছে সেটি জব্দ করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, পরিবেশ বিধ্বংসী অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।