০৫ আগস্ট, ২০২৬
ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'গজনি'খ্যাত এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর এনডিটিভির।
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা প্রদীপ রাওয়াত। তার মৃতুর খবরে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
চার দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান এই তারকা অভিনেতা। তবে ২০০৫ সালে তামিল ভাষার ‘গজনি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন। তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমার হিন্দি রিমেকেও একই চরিত্রে নেওয়া হয় তাকে।
কেবল তাই নয়, আমির খানের ‘লগান’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। টিভি দর্শকদের কাছে তিনি আজও পরিচিত বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর অশ্বত্থামা হিসেবে। দ্রোণাচার্যের পুত্রের চরিত্রে তার অভিনয় তাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।
১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন প্রদীপ রাওয়াত। এর পর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘ভীরম’-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। ২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর দক্ষিণী সিনেমায় অন্যতম জনপ্রিয় খলনায়ক হিসেবে নিজের জায়গা পাকা করে নেন এই অভিনেতা।