০৫ আগস্ট, ২০২৬
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, দেশি-বিদেশি চক্র ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙনের অপচেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা রয়েছে। জুলাইয়ের চেতনা কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ গোলাম নাফিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এসব কথা বলেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী পাশ্ববর্তী রাষ্ট্রে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা করছে, তা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের জনগণ সজাগ রয়েছে। তবে এ ক্ষেত্রে ফাঁসির দণ্ডে দণ্ডিত একজন আসামিকে যদি ভারত বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়, তবে তা হবে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তবে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে কোনো অপশক্তির বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সক্ষমতা নেই।
শ্রদ্ধা নিবেদন শেষে হাসান আহমেদ চৌধুরী কিরণ শহিদ নাফিজের সমাধিস্থলে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়াও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শহিদ নাফিজের বাবা মো. গোলাম রহমান, মা নাজমা আক্তার নাসিমা এবং বড় ভাই মো. গোলাম রাসেল।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মসজিদ-মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামাসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।