০৫ আগস্ট, ২০২৬
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালের মুলাদীতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ আগস্ট) সকালে মুলাদী ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সরকারের প্রতি অবিলম্বে গণভোটের রায় মেনে নেওয়ার জোর দাবি জানানো হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মুলাদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষের ভোটে জয়ী গণভোটের রায় সরকারকে অবিলম্বে মেনে নিতে হবে।” এ সময় নেতৃবৃন্দ সরকারকে নতুন করে আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী আচরণ না করার জন্য কড়া সতর্কবার্তা দেন এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিল চলাকালে নেতাকর্মী ও সাধারণ জনতার গগনবিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো মুলাদী বাজার এলাকা। এ সময় মিছিল থেকে— ‘গণভোটের গণ রায়, মানতে হবে মেনে নাও’, ‘অবিলম্বে জুলাই সনদ, মানতে হবে মেনে নাও’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে পারে না’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘বিচার চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
বিশাল এই গণমিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন এবং সার্বিক নেতৃত্ব দেন মুলাদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আবু ছালেহ।
এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মালেক, সহ-সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মোতালেব।অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ।
অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. হুমায়ুন কবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি মো. আলাউদ্দিন প্যাদাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।