০৬ আগস্ট, ২০২৬
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
জেলা প্রশাসন আয়োজিত দিবসটি ঘিরে দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের কলেজমোড়স্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে সকল শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সর্বস্তরের মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে মাগফিরাতে ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিন দিবসটিকে ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খুদা, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্যরা।
এছাড়াও দিবসটিকে ঘিরে বিকেলে জামায়াত, এনসিপিসহ তাদের শরিক দল ১১ দলীয় ঐক্যের ব্যানারে জুলাই শহিদদের স্মরণে বিশাল মিছিল বের করে।
অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা জুলাই শহিদ দিবস উপলক্ষে এক মিছিলটি বের করে। এতে জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেন।