বজ্রপাত রোধে ৫ কিমি সড়কে লাগানো হবে ২৩০০ তালগাছ

০৬ আগস্ট, ২০২৬

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট এলাকায় বজ্রপাত রোধে পাঁচ কিলোমিটার সড়কে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার দুপুরে আনুষ্ঠানিক চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। মিরসরাইয়ের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রকৃতিপ্রেমী মো. ওমর শরীরে উদ্যোগে এসব গাছ লাগানো হচ্ছে। উপজেলার ঠাকুরদীঘি থেকে ছত্তর ভূঁইয়ারহাট পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে ধাপে ধাপে এসব তালের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী আয়োজনে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, কালের বিবর্তনে আমাদের দেশ থেকে তাল ও খেজুর গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বিশেষ করে বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অপরিসীম। ওমর শরীফের এই সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ 

উদ্যোক্তা মো. ওমর শরীফ বলেন, প্রতিবছরই বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে থাকি। কিন্তু বর্তমানে বজ্রপাতের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শহীদ উদ্দিন, নাছির উদ্দিন বলি, সোহরাব উদ্দিন, আব্দুর রহিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, জামায়াত নেতা মো. মুসলিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইনুল কবির রিপন, আইনুল হোসেন, ওলামা দলের সদস্য হাফিজ উদ্দিন এবং বিএনপি নেতা শহিদ প্রমুখ।