জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ

০৬ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশাল নগর ভবনের সামনে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনগণ রাস্তায় নামলে কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারে না। গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তিকে অবমূল্যায়ন করলে যে কোনো সরকারকেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।

মাওলানা বাবর দাবি করেন, বর্তমান সরকার জনগণের শক্তিকে অবমূল্যায়ন করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। একই সঙ্গে সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। বরিশাল একটি শান্তিপূর্ণ শহর উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “গতকাল বিএম কলেজ এবং আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে ঘটনা ঘটিয়েছে, তা থেকে বিরত না হলে ছাত্রশিবির কোনো ছাড় দেবে না। আমরা এখনো শিবিরকে ধৈর্য ধারনের পরামর্শ দিচ্ছি, তবে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না।”

সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই আন্দোলনের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সব শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও মুহাম্মাদ আতিকুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক আবু সাইদ মুসা, লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন।

সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে একটি মিছিল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ, সদর রোড হয়ে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।