কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, প্রতিবাদ শিল্পীদের

০৬ আগস্ট, ২০২৬

কনসার্টে জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানকে বোতল নিক্ষেপের ঘাটনায় উত্তপ্ত সামাজিক মাধ্যম। নব্বই দশকের জনপ্রিয় গায়কের সঙ্গে এ অপ্রত্যাশিত আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। সমালোচনায় মেতেছেন তারা। সংগীতঙ্গনের মানুষজনও প্রকাশ করছেন ক্ষোভ।

ঘটনাটি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় মঞ্চে মাইক্রোফোন হাতে হাসান। হঠাৎ তার দিকে উড়ে আসে একটি বোতল। শরীরের ওপর পড়ায় অপ্রস্তুত হয়ে পড়েন গায়ক। যদিও কিছুক্ষণ পর ফের পারফর্ম শুরু করেন। 

প্রতিবাদ জানিয়ে সুরকার-সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘‘গতকাল মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল? এদের প্রত্যেককে দাগযুক্ত করুন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সফল আয়োজনের প্রধান শর্ত। এ দায়িত্ব কি আয়োজক ঠিকমতো পালন করেছে?”

প্রিন্স মাহমুদের ওই পোস্টের মন্তব্যের ঘরে সংগীত পরিচালক মীর মাসুম লেখেন, ‘সকল ধরনের পাবলিক শো বয়কট করার এখনই সময়। এ জাতি ঠিক হবে না কোনোদিন। দিন দিন অধঃপতন হচ্ছে হবে। আগে যাও ছিল, সে রাস্তা আরও ত্বরান্বিত হয়েছে।’  

কণ্ঠশিল্পী রন্টি দাস লেখেন, ‘আমার ৩৬ বছর বয়সে আমি এমন দেখিনি। তাও আবার ঘটনা ঘটার পর যিনি স্টেজে আসলেন পরিস্থিতি সামলাতে,তিনি উল্টো ওই বেয়াদব ছেলেদের দিকে তাকিয়ে হাতজোড় করে। আরে ভাই হাতজোড় করবে তো পাশে দাড়িয়ে থাকা লিজেন্ড শিল্পীর কাছে। ছি ছি।’ 

আরও অনেকেই হাসানের সঙ্গে এ আচরণের প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ বোতল নিক্ষেপকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি হাসান। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে রিসিভ করেননি গায়ক।