জয়পুরহাটে ট্রেন থেকে পড়ে ক্যান্টিন বয় নিহত

০৭ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে রাশেদুল ইসলাম নামে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের এক খাদ্য বাহক (ক্যান্টিন বয়) নিহত হয়েছেন।​

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুরে তেঘর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ক্যান্টিন বয় রাশেদুল ইসলাম অসাবধানতাবশত ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ঘটনাটি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।