০৭ আগস্ট, ২০২৬
বগুড়া সদর উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আট বছর বয়সী নাতি গুরুতর আহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৭)।
আহত শিশু জুলকার নাঈন (৮) তাদের বড় ছেলে রেজাউল করিম রেজার সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবুল হাসান স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াতে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান।
স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবির মৃত্যু হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহত দুজনের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ওই সড়কে প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা চালকদের যথাযথ প্রশিক্ষণ ও যোগ্যতা যাচাই করে যানবাহন চালানোর অনুমতি দেওয়ার দাবি জানান।