যশোরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

০৮ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) বিকালে যশোর টাউন হল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে ‘শহীদ মীর মুগ্ধ একাদশ’ ও ‘শহীদ আনাস একাদশ’ নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলোয়াড়রা অংশ নেন। শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই।

ম্যাচে শহীদ মীর মুগ্ধ একাদশ দুটি গোল করে, অন্যদিকে শহীদ আনাস একাদশ একটি গোল দেয়। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় শহীদ মীর মুগ্ধ একাদশ।

উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের আহ্বায়ক সাহেদ মোহাম্মদ রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের মুখপাত্র সাইদ শাম।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের মতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্টকে ঘিরে যশোর টাউন হল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দর্শনার্থীরা মাঠে উপস্থিত হয়ে দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন।