০৮ আগস্ট, ২০২৬
নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ যুবককে আটক করা হয়। অবশ্য উদ্ধার হওয়া পিস্তলটি আসল নয়, সেটি প্লাস্টিকের বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম।
পুলিশের এই কর্মকর্তা জানান, আটক যুবকের নাম শামস আলামিন তামিম। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে। উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী ও হুইপের অংশ নেওয়া পথসভাস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তামিম। মঞ্চ থেকে মন্ত্রী ও হুইপ নেমে যাওয়ার পর তাকে তল্লাশি করা হলে একটি পিস্তল উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা পিস্তলটি যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, প্লাস্টিকের তৈরি পিস্তল। তবে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি ও ভিভিআইপি নিরাপত্তা এলাকার কাছাকাছি ওই যুবক কেন প্লাস্টিকের পিস্তল নিয়ে অবস্থান করছিলেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে, শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে পিস্তলসহ আটকের পর শামস আলামিন তামিম দাবি করেন, পিস্তলটি তার বাবার লাইসেন্স করা এবং নিজের নিরাপত্তার জন্য তিনি সেটি সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।