অবশেষে ধরা পড়লো ১৭ জনকে কামড়ানো সেই বুনো বানর

০৮ আগস্ট, ২০২৬

ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে কয়েক সপ্তাহ ধরে আতঙ্ক ছড়ানো বুনো বানরটিকে অবশেষে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। লোকালয়ে ঢুকে শিশু, বৃদ্ধসহ ১৭ জনকে কামড় দিয়ে আহত করেছিল বানরটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) যৌথ অভিযানে বানরটিকে খাঁচাবন্দি করা হয়। স্থানীয় পুলিশ প্রধান জানান, রিয়াউ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল বানরটি ধরতে অভিযান চালায়। সম্ভাব্য চলাচলের এলাকায় তিনটি ফাঁদ বসানো হয়েছিল। এর মধ্যে ইন্দ্রগিরি হিলির তেমবিলাহান শহরের একটি ফাঁদে আটকা পড়ে বড় আকারের পুরুষ মুখপোড়া ম্যাকাক বানরটি।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দ্য জাকার্তা পোস্ট জানায়, গত ২৫ জুলাই থেকে দীর্ঘলেজি ম্যাকাক বানরের একটি দল লোকালয়ে ঢুকে উপদ্রব শুরু করে। এ সময় রাস্তাঘাট ও বাড়িঘরে ঢুকে তারা ১৭ জন বাসিন্দাকে আক্রমণ করে। আহতদের অনেকের শরীরে সেলাই দিতে হয়েছে।

বানরের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তেমবিলাহান জেলার সব স্কুলে সাময়িকভাবে সশরীরে ক্লাস বন্ধ করা হয়। বুধবার থেকে তিন দিনের জন্য অনলাইন ও দূরশিক্ষণ কার্যক্রম চালুর নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যম জেপিএনএন জানিয়েছে, আটক বানরটির আকার, আক্রমণাত্মক আচরণ এবং মুখের বিশেষ ক্ষতচিহ্ন ভুক্তভোগীদের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে গেছে। ফলে ধারণা করা হচ্ছে, এই বানরটিই ধারাবাহিক হামলার জন্য দায়ী।

সূত্র: আনাদোলু এজেন্সি।