০৮ আগস্ট, ২০২৬
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা বা জেড গ্রুপের প্রতিষ্ঠানের শেয়ার। দাম বাড়ার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টি স্থানেই দখল করেছে জেড গ্রুপ। এর মধ্যে শীর্ষ সাতটিই এই গ্রুপের দখলে।
লভ্যাংশ দেওয়ার ওপর ভিত্তি করে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ‘এ’, ‘বি’ ও ‘জেড’ গ্রুপে ভাগ করা হয়। ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের স্থান হয় এ গ্রুপে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠান থাকে বি গ্রুপে। আর লভ্যাংশ না দেওয়া প্রতিষ্ঠানের ঠিকানা হয় জেড গ্রুপ। লভ্যাংশ না দেওয়ার কারণে জেড গ্রুপের প্রতিষ্ঠান শেয়ারবাজারে পচা কোম্পানি হিসেবে পরিচিত হয়।
গত সপ্তাহের ডিএসইতে দাম বাড়ার ক্ষেত্রে সব থেকে বড় দাপট দেখিয়েছে ফারইস্ট ফাইন্যান্স। বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী হওয়ায় সপ্তাহজুড়েই দাম বেড়েছে। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬০ পয়সা।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১ টাকা ৯০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার টাকা।
এই কোম্পানি সর্বশেষ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ শেয়ার লভ্যাংশ দেয়। এরপর কোম্পানিটি বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দেয়নি। লভ্যাংশ দিতে না পারায় কোম্পানিটির স্থান হয়েছে পচা জেড গ্রুপে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৩ টাকা ৭৫ পয়সা।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৬ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৩০টি। এর মধ্যে ৩৯ দশমিক ৭৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫ দশমিক ৪৯ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৭ শতাংশ শেয়ার আছে।
ফারইস্ট ফাইন্যান্সের পরই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল তুং হাই নিটিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। ২০১৬ সালের পর এই কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। ২৭ দশমিক ৬৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে জিবিবি পাওয়ার। ২০২৩ সালের পর এই কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ২৫ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ২০ দশমিক ৮৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ শতাংশ, পিপলস লিজিংয়ের ২০ শতাংশ দাম কমেছে। এই কোম্পানিগুলোও দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয় না।
গত সপ্তাহের দাম বাড়ার শীর্ষ তালিকায় স্থান করে নেওয়া বাকি তিন প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৫৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৬ দশমিক ৬৭ শতাংশ এবং আইসিবি সোনালী ওয়ান মিউচুয়াল ফান্ডের ১৫ দশমিক ৮৭ শতাংশ দাম বেড়েছে। এর মধ্যে জিএসপি ফাইন্যান্স জেড গ্রুপের প্রতিষ্ঠান। বাকি দুটি প্রতিষ্ঠান এ গ্রুপে রয়েছে।