‘গুপী বাঘা’র নেপথ্যের ঘটনা নিয়ে সৃজিতের সিনেমা

০৮ আগস্ট, ২০২৬

সত্যজিৎ রায়ের ক্যারিয়ারে তো বটেই, ‘গুপী গাইন বাঘা বাইন’ গোটা উপমহাদেশের চলচ্চিত্রেই অন্যতম নির্মাণ। এর গল্প, সংলাপ কিংবা গান, সবকিছুই এখনো প্রাসঙ্গিক হয়ে আছে। আর সেই কালজয়ী সিনেমার পেছনের গল্প এবার তুলে ধরবেন সৃজিত মুখার্জি।

সিনেমাটির নাম ‘মহারাজা তোমারে সেলাম’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জীতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দত্ত।

সৃজিত জানিয়েছেন, ‘মহারাজা তোমারে সেলাম’ কোনও জীবনীচিত্র (বায়োপিক) নয়। আবার শুধুই কোনও ছবি তৈরির ইতিহাসও হয়ে উঠবে না। এই ছবির কেন্দ্রে থাকছে ‘গুপী গাইন বাঘা বাইন’-এর নির্মাণপর্ব। কীভাবে এক দুঃসাহসী ভাবনা ধীরে ধীরে চলচ্চিত্রের রূপ নেয় এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থেকে যায়, সেই সফর উঠে আসবে সৃজিতের এই সিনেমায়।

পরিচালক সৃজিত আগেও বাংলা সাহিত্য, ইতিহাস এবং সংস্কৃতির নানা অধ্যায়কে নিজের সিনেমায় তুলে ধরেছেন। তার কথায়, “ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক ‘গুপী গাইন বাঘা বাইন’ কীভাবে ভাবা হয়েছিল, কীভাবেই বা তৈরি হলো, সেই ঘটনাটাই আমি বলতে চাই।”

রবিবার দক্ষিণ কলকাতার প্রিয়া প্রেক্ষাগৃহে আয়োজিত একটি অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হবে। তখনই এর নির্মাণ এবং মুক্তির বিষয়েও জানাবেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ১৯৬৯ সালের ৮ মে মুক্তি পেয়েছিল ‘গুপী গাইন বাঘা বাইন’। এটিকে বলা হয়, বাংলার প্রথম সুপারহিরো সিনেমা। অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের এ সিনেমায় অভিনয় করেছিলেন তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, সন্তোষ দত্ত, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জহর রায় প্রমুখ।