সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

০৯ আগস্ট, ২০২৬

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদীভাঙন রোধে গাইবান্ধায় দুইটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য নয় বরং সাধারণ মানুষের উপকার হবে।

তিনি বলেন, গাইবান্ধায় জেলায় ১ হাজার কোটি টাকা ও ৮০০ কোটি টাকার দুইটি প্রকল্প বাস্তবায়ন করলে নদী ভাঙন আর থাকবে না। সবাই উপকৃত হবে। আমাদের সরকারের নির্দেশনা এটাই যে, বিএনপি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায়।

শনিবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাতারা ঘাটে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে ৭০০ কোটি টাকার কাজ শুরু করেছি। যার মধ্যে ৫৮টা প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। যা শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে শেষ হওয়ার পথে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমার তা দ্রুত বাস্তবায় করে যাচ্ছি।

এর আগে প্রতিমন্ত্রী নৌপথে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা পরিদর্শন করেন। দিনব্যাপী এই পরিদর্শন শেষে বিকালে তিনি গাইবান্ধায় আসেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেছ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদার রহমান মোল্লা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, গাইবান্ধাকে নদী ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করছে সরকার। জনগণের জানমাল রক্ষায় দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।