পূবালী ব্যাংকের দুই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

০৯ আগস্ট, ২০২৬

দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি. ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কর্তৃক ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এ Best Bank – Bangladesh এবং Best Performance on Growth– Bangladesh ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে।

ভারতের নয়াদিল্লির লে মেরিডিয়ান হোটেলে ২৪ জুলাই ২০২৬ তারিখে ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ দুটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেন। 

পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সাথে নিয়ে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, আজিজুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, কবির আহমেদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও অধ্যাপক ড. হাসিনা শেখ; এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন। ব্যাংকের কোম্পানী সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার ও মহাব্যবস্থাপক মোঃ লিটন মিয়া এফসিএ এবং চিফ প্রটোকল অফিসার মোঃ শাহ আলম এসময় উপস্থিত ছিলেন।

এ সম্মাননা অর্জন প্রসঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে পূবালী ব্যাংক পিএলসি.’র অবস্থানকে আরও সুসংহত করেছে। ব্যাংকিং উৎকর্ষ, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন, উদ্ভাবন এবং সর্বোচ্চ মানের গ্রাহকসেবার প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন এ অর্জন। পূবালী ব্যাংক নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সর্বস্তরের জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, এই স্বীকৃতি আমাদের সম্মানিত গ্রাহকদের অবিচল আস্থা, শেয়ারহোল্ডারদের বিশ্বাস, পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরলস অঙ্গীকারের প্রতিফলন। এ অর্জন ভবিষ্যতেও পূবালী ব্যাংককে আরও দায়িত্বশীল, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদান করতে অনুপ্রাণিত করবে। 

তিনি আরও বলেন, ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং নিরাপদ, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সারা দেশে পৌঁছে দিতে পূবালী ব্যাংক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাংকের উৎকর্ষের নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থবহ অবদান রাখার পাশাপাশি সকল অংশীজনের জন্য টেকসই অগ্রগতি নিশ্চিত করার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।