০৯ আগস্ট, ২০২৬
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সেলিম শেখ (৩৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী থেকে আসা ইউটার্নের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সেলিম শেখ পেশায় একজন প্রাইভেটকারচালক। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফুল মিয়ার ছেলে এবং বর্তমানে আদাবরের ১৭-সি নম্বর বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কাভার্ডভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দিলে সেলিম শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা কাভার্ডভ্যানটি আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে এবং এর চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, সেলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।