০৯ আগস্ট, ২০২৬
শেষ হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর। গল গ্যালান্টস ফাইনালে জাফনা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পরাজিত ও রানার্সআপ দলে ছিলেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। তারা দুজন শিরোপা ছুঁতে ব্যর্থ হলেও হৃদয় টুর্নামেন্ট সেরা দলে জায়গা পেয়েছেন।
গলের বিপক্ষে প্লে অফে চলতি আসরে ব্যক্তিগত সেরা ৫৪ রানে অপরাজিত ছিলেন হৃদয়। ফাইনালে মাত্র ১০ রান করেন। লিগ পর্বে কলম্বো ক্যাপসের বিপক্ষে ৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৩৮৭.৫০।
ভয়ডরহীন ব্যাটিংয়ে শেষ আসরে আলো ছড়ান বাংলাদেশের ব্যাটার। ৫ ম্যাচ খেলে ১৫১ রান। স্ট্রাইক রেট ১৯৮.৬৮ এবং গড় রান ৭৫.৫০। প্রথম পাঁচ ম্যাচে তার রান যথাক্রমে ৩৫*, ৩১*, ২১, ৫৪* ও ১০। টুর্নামেন্ট সেরা দলে থাকা অন্য ব্যাটারদের তুলনায় সর্বোচ্চ স্ট্রাইক রেট তার।
এলপিএলের আসরসেরা দলে হৃদয়কে নিয়ে বলা হয়েছে, ‘তিনি এলেন, দেখলেন এবং প্রায় জিতেই গিয়েছিলেন। তাসকিন আহমেদের বদলে শেষ দিকে ডাক পেয়ে হৃদয় কিংসের হয়ে দারুণ খেলেছেন। দলে যোগ দেওয়ার পর থেকে তার পাঁচ ইনিংস ছিল ৩৫*, ৩১*, ২১, ৫৪* ও ১০। সবগুলোই ছিল দারুণ স্ট্রাইক রেটে। মাত্র পাঁচ ম্যাচ খেললেও তার ক্যামিও ইনিংসগুলো কিংসের মিডল অর্ডারে প্রাণ সঞ্চার করেছিল এবং দলকে ফাইনালে পৌঁছে দেয়।’
এই দলে চ্যাম্পিয়ন গলের প্রতিনিধি স্যাম হার্পার, চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা। জাফনা থেকে আরও দুজন আছেন—লিজাড উইলিয়ামস ও দুনিথ ভেল্লালাগে। এছাড়া ক্যান্ডি রয়্যালসের লাহিরু উদারা ও নুয়ান থুশারা আছেন। কলম্বো ক্যাপসের কামিন্দু মেন্ডিস, ওয়ানুজা সহন আছেন টুর্নামেন্ট সেরা দলে।