০৯ আগস্ট, ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার কর্মসূচি আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো উদ্বোধন করা হবে। রোববার (৯ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে ইউনিফর্মসহ নানা ধরনের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের নকশা নির্ধারণ করা হয়। এতে মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস রাখার সিদ্ধান্ত হয়েছে। ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য, ব্যবহারিক সুবিধা ও পোশাকের একরূপতার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়েছিল। ওই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু করা হবে।
সভায় মন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সরবরাহের বিষয়ে বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের সক্ষমতা অনুযায়ী অনুদান দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
শিক্ষার্থীদের জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করতে ইউনিফর্ম, ব্যাগ ও জুতা সরবরাহের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়গুলোতে নিরাপদ, সুশৃঙ্খল ও সমান সুযোগভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
এদিকে, মিড-ডে মিল কর্মসূচি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, পাইলট প্রকল্প বাস্তবায়নের সময় যেসব ত্রুটি ও সীমাবদ্ধতা ধরা পড়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, কোনো পাইলট প্রকল্পের সফলতা শুধু কতজন মানুষের কাছে এর সুবিধা পৌঁছেছে, তা দিয়ে মূল্যায়ন করা উচিত নয়। বাস্তবায়নের সময় কী ধরনের সমস্যা চিহ্নিত হয়েছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে সমাধান করা সম্ভব হয়েছে, সেটিও প্রকল্পের সফলতার গুরুত্বপূর্ণ মানদণ্ড।
প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের জন্য সহায়ক ও সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করতে ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা ও মিড-ডে মিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্য রয়েছে।