১০ আগস্ট, ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের নতুন গঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ভোলা জেলা ইউনিট কার্যালয়ের হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির প্রেসিডেন্ট ও ভোলা জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
নতুন কমিটির সেক্রেটারি হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ জাহান জেব আলম, অধ্যক্ষ খালেদা খানম, অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, আবুল হাসনাত তসলিম, জুন্নু রায়হান, মীর মোশাররফ হোসেন অমিসহ অন্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা ভোলায় প্রতিবছরই ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। এসব দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেড ক্রিসেন্ট-এর কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার জন্য নতুন কমিটির সদস্যরা দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এ সময় যুব সমাজের মধ্য থেকে আরও বেশি যুবক-যুবাকে রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত করে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়।