দুই মোটরসাইকেল ও সিএনজিকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

১০ আগস্ট, ২০২৬

রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

 

রবিবার (৯ আগস্ট) রাতে রমনা মডেল থানাধীন মগবাজার গ্রান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, আহত অবস্থায় রিয়াদ হোসেন (২২), জামান আহামেদ (৪২) ও রিপনকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ ও জামানকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। রিপন চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহত জামান আহামেদ নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে এবং রিয়াদ হোসেন একই উপজেলার লিয়াকত ফকিরের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহত দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।