গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক

১০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক জানিয়েছেন, গণভোট যদি অবৈধ হয়ে থাকে, তাহলে বর্তমান সরকারও অবৈধ। জনগণের ভোটে জুলাই সনদ বাস্তবায়নের যে ম্যান্ডেট দেয়া হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোটের আয়োজন করা হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন, গণভোট নাকি অবৈধ ছিল। যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ।’

তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন সরকার পতনের জন্য নয়, আমাদের আন্দোলন গণভোটের রায় বাস্তবায়নের জন্য।’

জুলাই সনদের প্রসঙ্গ তুলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, ‘বাংলাদেশের ৩৩টি রাজনৈতিক দল আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছে। সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। তাই জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

প্রশাসনে দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গোটা প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও হেলমেট লীগের পর তারা ‘পুলিশ লীগ’ তৈরি করেছিল। আমরা চাই না নতুন করে ছাত্রদল, যুবদল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের মতো ‘পুলিশ দল’ তৈরি হোক।”

তিনি আরও বলেন, ‘সরকারি নিয়োগে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠন করতে হবে। এর মাধ্যমে সরকারি সব নিয়োগ সম্পন্ন করতে হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, সদরপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।