১০ আগস্ট, ২০২৬
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৬৫১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।
ফলাফলে দেখা যাচ্ছে, সাধারণ শিক্ষাবোর্ডগুলোর তুলনায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার তুলনামূলক কম। এ বছর সার্বিকভাবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।