চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১০ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। সোমবার (১০ আগস্ট) তার এক সহযোগী জানিয়েছেন, তাকে দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল আনোয়ারের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। তবে কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে আনোয়ারের সুস্বাস্থ্য ও দ্রুত স্বাভাবিক দায়িত্বে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চিকিৎসা চলাকালে তার ‘প্রিয় ভাই’ আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও নির্বিঘ্ন সুস্থতা কামনা করছেন তিনি।

আনোয়ার ইব্রাহিম সোমবার ৭৯ বছর বয়সে পা দিয়েছেন। ২০২২ সাল থেকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এর আগে আনোয়ারের কাঁধ ও পিঠের ব্যথার সমস্যা বারবার দেখা দিয়েছে।  ২০১৮ সালে কাঁধ ও পিঠের ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।  গত বছরের নভেম্বরেও পিঠের ব্যথার কারণে পাহাং রাজ্যে একটি সফর বাতিল করেছিলেন তিনি।

তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে সুস্থ বলে জানিয়েছিলেন।

তথ্যসূত্র: দ্য ডন