১০ আগস্ট, ২০২৬
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় আবু তাহের (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ওনুআ চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের উপজেলার পাইকপাড়া (উত্তর) ইউনিয়নের কাসারা গ্রামের মিজি বাড়ির মকবুল আহমেদের ছেলে। তিনি কড়ৈতলী বাজারের ব্যবসায়ী ছিলেন।
তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তেল কিনতে সাইকেলে করে কড়ৈতলী বাজার থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন আবু তাহের। ওনুআ চত্বর এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের জামাতা আলাউদ্দিন জানান, প্রায় তিন দশক ধরে কড়ৈতলী বাজারে ব্যবসা করতেন আবু তাহের।
সেচকাজে ব্যবহৃত মেশিনের পাম্প পরিচালনার জন্য বিভিন্ন সেচসংশ্লিষ্ট ব্যক্তি তার কাছ থেকে তেল কিনতেন। প্রতিদিনের মতো ব্যবসার কাজে তেল সংগ্রহ করতে উপজেলা সদরে যাওয়ার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, দুর্ঘটনায় নিহত আবু তাহেরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।