১০ আগস্ট, ২০২৬
এএফসি চ্যালেঞ্জ লিগে আগামীকাল ফর্টিসের অভিষেক। আগামীকাল কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকাল ৩টায়। গত বছর কিরগিজ ক্লাব ২-০ গোলে ঢাকা আবাহনীকে পরাজিত করেছিল জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশের ঘরোয়া ফুটবল শেষ হয়েছে প্রায় আড়াই মাস আগে। এরপর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হয়নি ফর্টিসের। মুরাসের বাস্তবতা ঠিক উল্টো। কিরগিজ লিগে নিয়মিত খেলার মধ্যেই আছে তারা। ঢাকায় আসার চার দিন আগেও একটি লিগ ম্যাচ খেলেছে দলটি। ফলে ম্যাচের প্রস্তুতি ও ছন্দে কিরগিজ ক্লাবটিই এগিয়ে।
ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সার সংবাদ সম্মেলনে বলেন, 'এটা অনেক বড় দায়িত্ব। এটা শুধু ফর্টিসের জন্য নয়, বাংলাদেশের জন্যও। ফর্টিস বাংলাদেশকে এএফসি পর্যায়ে প্রতিনিধিত্ব করতেছে।’ প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতি পূরণে গত কয়েক সপ্তাহে প্রস্তুতিতে জোর দিয়েছে ফর্টিস। এরপরও খানিকটা ঘাটতি রয়ে গেছে, ‘গত দুই মাস ধরে বাংলাদেশে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল নেই। অন্যদিকে মুরাস তাদের লিগে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে। আমরা পুলিশ এফসির সঙ্গে দুটি ম্যাচ খেলার চেষ্টা করেছি। এটা হয়তো আপ টু দ্য মার্ক না।’
ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। শীতপ্রধান দলের বিপক্ষে এই গরমকে নিজেদের পক্ষে কাজে লাগানোর পরিকল্পনা ফর্টিসের, ‘যেহেতু ওরা শীতপ্রধান দেশ, আমরা প্রত্যেকটা ম্যাচের আগে জয়ের জন্য কোনো না কোনো ফাঁকফোকর বের করতে পারে কি না—এটা তারই একটা অংশ।’
আবহাওয়া নিয়ে চিন্তিত নন মুরাসের ব্রাজিলিয়ান কোচ এদমার দে লাসেরদা, ‘আমরা এই আবহাওয়া সম্পর্কে জানি। আমরা জানি, এটি আমাদের জন্য কঠিন, তবে ফর্টিসের জন্যও কঠিন।’ বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে মুরাসের অনেক খেলোয়াড়ের। গত বছর আবাহনী লিমিটেডকে ২–০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে উঠেছিল কিরগিজ ক্লাবটি। সেই আসরে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা। ফর্টিস নিয়ে মুরাস কোচের পর্যবেক্ষণ, ‘ফর্টিসের তিনটি ম্যাচ দেখেছি। আমরা জানি, তাদের ভালো খেলোয়াড় আছে, ভালো দল আছে, তারা ভালো ফুটবল খেলে। ওদের বলের ওপর নিয়ন্ত্রণ ভালো।’
একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে নামবে বাংলাদেশের আরেক প্রতিনিধি পুলিশ এফসি। জর্ডানের আম্মানে বাংলাদেশ সময় রাত ১১টায় সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদের বিপক্ষে খেলবে তারা।