১০ আগস্ট, ২০২৬
বান্দরবান-কেরানিরহাট সড়কের লালব্রিজ সংলগ্ন আমতলী এলাকায় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মো. হেলাল নামে ট্রাকের হেলপার গুরুতর আহত হন।
পুলিশ জানায়, কেরানিরহাট থেকে বালু বোঝাই করে ড্রাম্প ট্রাকটি বান্দরবান শহরে আসছিল। আমতলী এলাকায় পৌছুলে পাহাড়ি ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এসময় চালক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। হেলপার মো. হেলাল লাফ দিয়ে ট্রাক থেকে বের হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা সেবা চলছে।
বান্দরবান সদর থানার ওসি শাহেদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।