১১ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে দুটি রেস্টুরেন্ট ও একটি মিষ্টির দোকানকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেলের ফাইরুজ তাসনিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখা এবং নিরাপদ খাদ্য আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করার কারণে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির প্রতিটি পর্যায়ে নিরাপদ খাদ্য আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাদ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), বায়েজিদ পেশকার, কাঁচপুর রাজস্ব সার্কেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) ফাইরুজ তাসনিম বলেন, ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রেখে এবং নিরাপদ খাদ্য আইন অমান্য করে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ কিংবা বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।