দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

১২ আগস্ট, ২০২৬

দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকার একটি বাড়ি থেকে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), র‌্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের একটি যৌথদল মূর্তিটি উদ্ধার করে। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

অভিযানে আটক হওয়া মো. পারভেজ মন্ডল (৩৮) দিনাজপুর শহরের চাতরাপাড়ার মৃত লবানা মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার করা মূর্তিটি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। বিষ্ণুমূর্তিটির মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা। আসামি ও কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।