চট্টগ্রামে ফেল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১২ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম আদনানুজ্জামান নিহাল (১৭)। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগায় সে। আদনানুজ্জামান নিহাল নগরীর পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, সকাল প্রায় সাড়ে ৯টার দিকে নিহালের পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে জানায়। এরপর তারা তাকে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে।