১২ আগস্ট, ২০২৬
বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’। মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে এটি প্রবেশ করেছে কাঙ্ক্ষিত ‘বিলিয়ন ডলার ক্লাবে’।
গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি গত ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক বাজারে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
বক্স অফিসের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকা থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। আন্তর্জাতিক বাজারে আয় হয়েছে আরও ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর আয় ১০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর নোলানের আর কোনো সিনেমা এক বিলিয়ন ডলারের বেশি আয় করতে পারেনি। ফলে ‘দ্য ওডিসি’র এই সাফল্য পরিচালকের ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করছে। একই সঙ্গে সিনেমাটি নোলানের সর্বোচ্চ আয় করা সিনেমা হওয়ার দৌড়েও এগিয়ে রয়েছে।
তবে বক্স অফিসে ‘দ্য ওডিসি’র যাত্রা এখনো শেষ হয়নি। গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজার চীনে সিনেমাটির মুক্তি এখনো বাকি। আগামী ১৪ আগস্ট দেশটির হাজার হাজার প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে এটি। এর মধ্যে প্রায় ৮০০টি আইম্যাক্স পর্দা থাকায় চীনের বাজার থেকে সিনেমাটির আয়ে বড় ধরনের সংযোজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তুলে ধরা হয়েছে গ্রিক রাজা ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল স্বদেশযাত্রার কাহিনি। ট্রয় যুদ্ধ শেষে ইথাকায় ফেরার পথে সমুদ্রযাত্রায় একের পর এক ভয়ংকর বাধা ও অজানা শক্তির মুখোমুখি হন তিনি। পরিবারে ফিরে যাওয়ার সেই দীর্ঘ সংগ্রামই সিনেমাটির মূল গল্প।
‘দ্য ওডিসি’তে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর সঙ্গে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনসহ হলিউডের একাধিক তারকা।
সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, মহামারির পর এক বছরে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমার সংখ্যার দিক থেকে ২০২৬ সাল ইতোমধ্যে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। চলতি বছরে এই মাইলফলক স্পর্শ করা পঞ্চম সিনেমা হিসেবে তালিকায় যুক্ত হয়েছে ‘দ্য ওডিসি’। এর আগে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’ এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।