১৩ আগস্ট, ২০২৬
যশোরে পৃথক দুটি মাদক মামলায় দুই জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন এবং যশোর শহরের বারান্দী মাঠপাড়ার ওসমান খানের ছেলে জনি খান।
আদালত সূত্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২১ জানুয়ারি রাতে সাদিপুর-রঘুনাথপুর সড়কের পুকুরকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আলমগীরকে আটক করেন বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই আব্দুর রহিম হাওলাদার। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন আদালত; অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
অন্যদিকে, ২০১৭ সালের ১৪ জুন দুপুরে যশোর শহরের বারান্দী খালধার রোড এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ জনি খানকে আটক করেন যশোর সিআইডির এসআই ফিরোজ একতেয়ার সাহেদ। এ ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় জনিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত উভয় আসামি জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছেন।