১৩ আগস্ট, ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) এর লাইব্রেরিতে ‘জাপানিজ বুক কর্নার’ উদ্বোধন হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাষা ও সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র (সিএলসিএস) আয়োজিত ‘জাপানিজ বুক কর্নার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, জাপান দূতাবাসের শিক্ষা উপদেষ্টা ড. আফসানা কাওসার, জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের উপ-প্রধান তাকাহাশি মিনোরি এবং জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের প্রধান আওইয়াগি ইউ।
অনুষ্ঠানে জানানো হয়, নবনির্মিত জাপানিজ বুক কর্নারটি শিক্ষার্থীদের জাপানি ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ বিষয়ে মূল্যবান তথ্য সরবরাহ করবে। বাংলাদেশে জাপান দূতাবাসের সহযোগিতায় এই কর্নারে জাপানি ভাষার বিভিন্ন বই ও মাল্টিমিডিয়া উপকরণ রয়েছে, যা জাপানের ঐতিহ্য, সংস্কৃতি ভাষা, ইতিহাস এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থী, গবেষকরা ধারণা নিতে পারবেন।
‘জাপানে উচ্চশিক্ষা’ বিষয়ে সেমিনার
‘জাপানিজ বুক কর্নার’ উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠানে ‘জাপানে উচ্চশিক্ষা (হায়ার স্টাডিজ ইন জাপান)’ বিষয়ে সেমিনার হয়েছে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিএলসিএস এর পরিচালক ড. সিরাজুম মুনিরা। ‘জাপানে উচ্চশিক্ষা’ বিষয়ে সেমিনারে আলোচনা করেন জাপান দূতাবাসের শিক্ষা উপদেষ্টা ড. আফসানা কাওসার, জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের উপ-প্রধান তাকাহাশি মিনোরি এবং জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের প্রধান আওইয়াগি ইউ।
সেমিনারে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।