উপকূলের সবুজ ভবিষ্যৎ গড়তে আদ্-দ্বীনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৩ আগস্ট, ২০২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও পরিবেশের অবক্ষয় মানুষের জীবন ও জীবিকাকে নানা চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ১২ আগস্ট বুধবার ও ১৩ আগস্ট বৃহস্পতিবার আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

Green Climate Fund (GCF)-এর অর্থায়নে, Palli Karma-Sahayak Foundation (PKSF)-এর কারিগরি সহায়তায় এবং Ad-din Welfare Centre কর্তৃক বাস্তবায়িত Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) Project-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরে খুলনা জেলার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ২৩৩ জন উপকারভোগীর মাঝে ২,৮০০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত চারার মধ্যে রয়েছে সফেদা, আম, নারিকেল, কদবেল ও মেহগনি। এসব গাছ ভবিষ্যতে উপকারভোগীদের পুষ্টির চাহিদা পূরণ, অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগের মাধ্যমে কার্বন শোষণ, মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে গড়ে উঠবে আরও সবুজ, নিরাপদ ও বাসযোগ্য উপকূলীয় পরিবেশ।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ছিল, আজকের একটি চারা, আগামী দিনের একটি নিরাপদ ও সবুজ ভবিষ্যৎ।প্র কৃতি রক্ষা হোক, উপকূল হোক আরও সহনশীল।