রাশিয়ায় বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত ৫

১৩ আগস্ট, ২০২৬

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন।আঞ্চলিক গভর্নর মিখাইল রাজভোজায়েভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউক্রেনের ড্রোন হামলার পর শহরে ধ্বংসাবশেষ ও বিস্ফোরক সরানোর কাজ চলছিল। এ সময় চারজন জরুরি সেবা বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ এবং একজন নিরাপত্তাকর্মী একটি বিস্ফোরক নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে এবং তারা নিহত হন।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার পর এখন পঞ্চম বছরে দুই পক্ষই বিমান হামলা বাড়িয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া ও রুশ নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আসা ৩৬২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা বাধা দিয়েছে। এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে।

মস্কো ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। তবে ইউক্রেন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এই দখলকে স্বীকৃতি দেয়নি।