১৩ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে আখাউড়া রেলওয়ে থানার আওতাধীন ভাদুঘর এলাকার ২১৪/৮-৯ কিলোমিটার পয়েন্টে অজ্ঞাত একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও কাটাজখমের চিহ্ন রয়েছে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য জানানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় বা ঠিকানা জানা যায়নি।
রেলওয়ে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ মাজারের বার্ষিক ওরশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।
বর্তমানে ওই মাজারে বার্ষিক ওরশ চলছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি।