গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে প্রচার-প্রচারণা শুরু

১৩ আগস্ট, ২০২৬

আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিতব্য এ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে মাইকিং ও ব্যানার স্থাপনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, মৎস্য খাতের উন্নয়ন, টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছ চাষে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রচারণা পরিচালিত হচ্ছে। উপজেলার হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা এবং ব্যস্ত সড়কগুলোতে মাইকিংয়ের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের গুরুত্ব ও করণীয় বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। পাশাপাশি পদ্মা পাড়, ফেরিঘাট, লঞ্চঘাট সহ বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, জাতীয় মৎস্য পক্ষ চলাকালে উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম।

সংশ্লিষ্টরা মনে করছেন, আগাম এ ধরনের প্রচার-প্রচারণা কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মধ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সচেতনতা বৃদ্ধি পাবে এবং জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।