১৪ আগস্ট, ২০২৬
পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা দিবস আজ ১৪ আগস্ট। শুক্রবার দেশের শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনায় পাকিস্তানের মসজিদগুলোতে বিশেষ দোয়া করা হচ্ছে।দেশটির রাজধানী ইসলামাবাদে ৩১ তোপধ্বনি এবং প্রাদেশিক রাজধানীগুলোতে ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের উদযাপন শুরু হয়। করাচির মাজার-ই-কায়েদ সমাধিসৌধেও একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তানকে আরও শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ হয়ে উঠতে হবে। তিনি বলেছেন, পাকিস্তান শান্তি চায়, তবে তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার সংকল্প ও সক্ষমতাও রয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বানীতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, দেশের প্রতিরক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে এবং পানি সম্পদের অবিচ্ছেদ্য অধিকারসহ তার জাতীয় স্বার্থ জোরালোভাবে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি এই অঞ্চলে ইসলামাবাদের কার্যকর ভূমিকা এবং এর উদীয়মান কৌশলগত শক্তির একটি প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।
এদিকে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে বহু মানুষ হতাহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, করাচিতে ছোড়া ফাঁকা গুলিতে ১৭ শিশুসহ ৯৪ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন এক নারী। এসব ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, জব্দ করা হয়েছে অস্ত্র।